রক্তচাপ হচ্ছে রক্তনালীর উপরে রক্তের প্রদেয় চাপ। স্বাভাবিক ভাবে সমস্ত দিনে বিভিন্ন সময়ে রক্তচাপ বাড়তে বা কমতে পারে। যখন এই রক্তচাপ দীর্ঘ সময়/ দীর্ঘ দিন ধরে একই ভাবে বৃদ্ধি পেয়ে থাকে তখন এই রক্তচাপকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে। সকল বয়সের লোকেরই এই উচ্চ রক্তচাপ হতে পারে। যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের অর্ধেকর ও বেশি মানুষ জানেনা যে তারা উচ্চ রক্তচাপে ভুগছেন। দৈনন্দিন জীবন যাপনের অথবা প্রয়োজন ভেদে ঔষধের মাধ্যমে/ঔষধ ও স্বাস্থ্য সম্মত জীবন আচরণ অনুশীলনের মাধ্যমে উচ্চ রক্তচাপ প্রতিরোধ/বিলম্বিত অথবা নিয়ন্ত্রণ করা যায়। রক্তচাপ সাধারনতঃ দুইটি পরিমাপের মাধ্যমে প্রকাশ বা লিপিবদ্ধ করা হয়। প্রথম এবং উপরের পরিমাপকে সিস্টোলিক (Systolic) এবং শেষ বা নীচের পরিমাপকে ডায়াস্টলিক (Diastolic) ব্লাড প্রেসার বলা হয়।
পূর্ণ বয়স্কদের ক্ষেত্রে সিস্টোলিক রক্তচাপ ১৪০ মিমি মার্কারী অথবা এর উপরে অথবা ডায়াস্টলিক রক্তচাপ ৯০ মিমি মার্কারী অথবা এর উপরে হলে উচ্চ রক্তচাপ ধরা হয়ে থাকে। সিস্টোলিক রক্তচাপ ১২০ মিমি মার্কারী এর কম এবং ডায়াস্টলিক রক্তচাপ ৮০ মিমি মার্কারী কম রাখাটা কাম্য। সিস্টোলিক রক্তচাপ ১২০-১৩৯ মিমি মার্কারী অথবা ডায়াস্টলিক রক্তচাপ ৮০-৯০ মিমি মার্কারী হলে, এই গ্রুপের রোগীদের ভবিষ্যতে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি, যদি তারা স্বাস্থ্য সম্মত জীবনযাত্রা নির্বাহ না করে।
সিস্টোলিক এবং ডায়াস্টলিক রক্তচাপ, যে কোন একটির বৃদ্ধিকে উচ্চ রক্তচাপ বলা হয়। যেমন কোন ব্যক্তির সিস্টোলিক রক্তচাপ স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি হলেও তাকে উচ্চ রক্তচাপ বলা হয়। এক্ষেত্রে একে সিস্টোলিক উচ্চ রক্তচাপ বলা হয়।, তেমনি কোন ব্যক্তির কেবলমাত্র ডায়াস্টলিক রক্তচাপ স্বাভাবিক মাত্রার চেয়ে অধিক হয় তখন তাকে ডায়াস্টলিক উচ্চ রক্তচাপ বলা হয়। উচ্চ রক্তচাপ রোগী নির্ণয়ের পূর্বে বিভিন্ন সময়ে কমপক্ষে দুই বা ততোধিকবার উচ্চ রক্তচাপ পাওয়া বাঞ্ছনীয়।
উচ্চ রক্তচাপের প্রকারভেদঃ
ক) এসেনশিয়াল হাইপারটেনশন (Essential hypertension): শতকরা প্রায় ৯০ ভাগ রোগীর উচ্চ রক্তচাপের কোন কারণ খুঁজে পাওয়া যায় না। এই ধরণের উচ্চ রক্তচাপকে এসেনশিয়াল হাইপারটেনশন বলে।
খ) সেকেন্ডারী হাইপারটেনশন (Secondary hypertension): কিছু ক্ষেত্রে উচ্চ রক্তচাপের সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়। এই জাতীয় উচ্চ রক্তচাপকে সেকেন্ডারী হাইপারটেনশন বলে। এই জাতীয় উচ্চ রক্তচাপ কিডনী রোগ, জন্মগত ত্রুটি অথবা অন্যান্য কারণে হতে পারে। অনেক ক্ষেত্রে এই জাতীয় রক্তচাপের সুনির্দিষ্ট চিকিৎসা সম্ভব।





